back to top
Sunday, November 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedআদালতের নির্দেশ মেনেই রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ, পরিবেশ রক্ষার লড়াইয়ে জয় SRSF-এর

আদালতের নির্দেশ মেনেই রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ, পরিবেশ রক্ষার লড়াইয়ে জয় SRSF-এর

ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, বরং পরিবেশ ও আইনকে সম্মান জানিয়েই জাতীয় হ্রদ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরকে ছটপুজোর অনুষ্ঠান থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন ও আইনি লড়াইয়ের পর এই সাফল্য এসেছে বলে দাবি করলেন পরিবেশবিদ তথা সেভ রবীন্দ্র সরোবর ফোরামের (SRSF) আহ্বায়ক সোমেন্দ্র মোহন ঘোষ।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিবৃতিতে তিনি জানান, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রাখার দাবির পিছনে কোনও ধর্মীয় বিরোধিতা ছিল না। বরং সংরক্ষিত জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য, ছটপুজো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি নেই। তবে তার জন্য সংরক্ষিত ও পরিবেশগতভাবে সংবেদনশীল হ্রদের পরিবর্তে উপযুক্ত বিকল্প জলাশয় ব্যবহার করা উচিত।

এই আন্দোলনের পথে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও জানিয়েছেন সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর অভিযোগ, আন্দোলনের সময় কয়েকজন ছটপুজোর ভক্ত তাঁকে এবং ফোরামের সদস্যদের হুমকি দিয়েছিলেন। তবে কোনওরকম উত্তেজনা বা সংঘাতের পথে না হেঁটে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবেই নিজেদের অবস্থানে অনড় থেকেছেন তাঁরা।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ রাখা হয়েছিল। কলকাতা পুলিশ, সংশ্লিষ্ট মন্ত্রী, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ), পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তরের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়। সংবাদমাধ্যমের মাধ্যমেও বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হয়েছে। প্রতিটি আবেদনে আদালতের নির্দেশ অমান্য করার সম্ভাব্য আইনি পরিণতির কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি রবীন্দ্র সরোবরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার আবেদন জানানো হয়েছিল।

এই প্রসঙ্গে ২০১৭ সালের ১৫ নভেম্বর জাতীয় পরিবেশ আদালতের (এনজিটি) নির্দেশের কথা উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, কলকাতা হাইকোর্ট ওই নির্দেশকে সমর্থন করেছে এবং ২০২০ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টও তা বহাল রেখেছে। সংশ্লিষ্ট নির্দেশে রবীন্দ্র সরোবরের ভিতরে ছটপুজো-সহ কোনও সামাজিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই। পরিবেশবিদদের মতে, এই ধরনের সংবেদনশীল জলাশয়ের বাস্তুতন্ত্র একবার ক্ষতিগ্রস্ত হলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অত্যন্ত কঠিন।

আরো পড়ুন:  চিকিৎসার জন্য বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়, দ্রুত শুনানির আর্জি নিয়ে হাই কোর্টে অভিষেক

২০২৬ সালে রাজ্য সরকার আদালতের নির্দেশ কার্যকর রেখে ছটপুজোর জন্য বিকল্প ঘাটের ব্যবস্থা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর দাবি, ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে ৫০টি বিকল্প জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ বজায় রেখেই সংরক্ষিত হ্রদগুলির পরিবেশ রক্ষা করা সম্ভব হয়েছে।

বিবৃতির শেষে তিনি জানান, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরকে আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, সবুজ এবং সুরক্ষিত রাখাই সেভ রবীন্দ্র সরোবর ফোরামের প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যে আগামী দিনেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবে সংগঠনটি।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments