back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাচিকিৎসার জন্য বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়, দ্রুত শুনানির আর্জি নিয়ে হাই...

চিকিৎসার জন্য বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়, দ্রুত শুনানির আর্জি নিয়ে হাই কোর্টে অভিষেক

ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশ যাওয়ার কথা রয়েছে অভিষেকের। তার আগেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে। তবে কী কারণে অ্যাকাউন্টটি ফ্রিজ় করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে তাঁকে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি বলে আদালতে দাবি করেন আইনজীবী।

অভিষেকের আইনজীবীর বক্তব্য, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা মেনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ছাড়াই কী ভাবে কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, ওই ধারার অধীনে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ় করার জন্য আবেদন করতে হয়। কিন্তু অভিষেকের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এই কারণে মামলাটির দ্রুত শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানান অভিষেকের আইনজীবী। তাঁর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দেন। একই সঙ্গে আদালত জানতে চায়, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও তদন্ত চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক সংশ্লিষ্ট তদন্তে সহযোগিতা করছেন। তাঁর দাবি, সেই তদন্তের সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার কোনও সম্পর্ক নেই।

এর পর মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষগুলিকে নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।

অভিষেকের বিদেশযাত্রা নিয়েও সম্প্রতি আইনি টানাপড়েন চলেছে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা খারিজ হওয়ার পর ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। পরে সুপ্রিম কোর্ট তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না।

আরো পড়ুন:  ড্রোনের আলোয় আলোকিত হবে কলকাতার আকাশ, যোগ দিবসকে ঘিরে তিন দিনের মহোৎসব

সেই পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার অভিযোগ নিয়ে অভিষেকের হাই কোর্টে যাওয়াকে ঘিরে নতুন করে আইনি তৎপরতা শুরু হল। আগামী বুধবারের শুনানিতে অ্যাকাউন্ট ফ্রিজ় করার কারণ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে কী বক্তব্য উঠে আসে, সে দিকেই এখন নজর।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments