Om Shankar Bhatta: বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center)। সংস্থাটির সাম্প্রতিক জনসংখ্যাতাত্ত্বিক প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে খ্রিস্টধর্ম ও ইসলাম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। ২০৩৫ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করেছেন গবেষকরা।
পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনসংখ্যাতত্ত্ববিদ কনরাড হ্যাকেটের মতে, ধর্মান্তরকরণের তুলনায় জন্মহারই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২০ থেকে ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, মুসলিম নারীদের গড় প্রজনন হার ৩.১। সেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬। উল্লেখ্য, জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে গড় প্রজনন হার ২.১ হওয়া প্রয়োজন।
প্রতিবেদনে ভৌগোলিক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিস্টান এই অঞ্চলে বসবাস করতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পাশাপাশি পশ্চিমা দেশগুলিতেও খ্রিস্টান জনসংখ্যার অনুপাত কমার ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কানাডায় খ্রিস্টান জনসংখ্যা ৫০ শতাংশের নিচে নামতে পারে। অন্যদিকে, ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রেও খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন। সব মিলিয়ে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছে পিউ রিসার্চ সেন্টার।

Recent Comments