Om Shankar Bhatta: অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল দক্ষিণ নাইজেরিয়ায়। বায়েলসা রাজ্যে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার প্রাণহানির তথ্য শনিবার নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA)-র মুখপাত্র মানজো এজেকি জানান, নৌকাটিতে একটি সম্প্রদায়ের মানুষ অন্য এলাকায় আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। যাত্রাপথেই বায়েলসা রাজ্যে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। পাশাপাশি নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর পানিতে ভাসমান অবস্থায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যাত্রাপথে নৌকাটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। বিপদের আশঙ্কা বুঝতে পেরে যাত্রীরা চালককে তীরে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু অভিযোগ, চালক সেই অনুরোধ উপেক্ষা করেন। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও জানা গিয়েছে।
নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তাবিধি উপেক্ষা, লাইফ জ্যাকেটের অভাব এবং ত্রুটিপূর্ণ নৌযান ব্যবহারের কারণে দেশটিতে বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার পর ফের নৌযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

Recent Comments