মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ফের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সোমবার সকালে নিউ টাউনে এনআইএ-র দফতরে পৌঁছন তিনি। একই সঙ্গে হাজিরা দেন তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমও। তদন্তের স্বার্থে গত সপ্তাহে তাঁদের দু’জনকে নতুন করে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এ দিন এনআইএ দফতরে প্রবেশের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন সাবিনা। তাঁর বক্তব্য, মোথাবাড়ির ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তা সত্ত্বেও বারবার তাঁদের ডেকে পাঠানো হচ্ছে। এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, এর আগেও এই মামলার তদন্তের প্রয়োজনে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ।
ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল। মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর (SIR) সংক্রান্ত কাজে নিযুক্ত সাত জন বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি তাঁদের গাড়িতে হামলার ঘটনাও সামনে আসে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে ওই আধিকারিকদের উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।
পরবর্তী সময়ে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্ত শুরু হওয়ার পর মালদহের সুজাপুর ও মোথাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালান তদন্তকারীরা। এই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বরও সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনআইএ। সে বার তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তাঁর স্বামী অসুস্থ থাকায় নির্ধারিত সময়ে সেখানে পৌঁছতে পারেননি তিনি। সে সময় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন মেহবুব আলম। পরে ওই দিনই কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।
এ বার ফের একই মামলায় সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন তাঁদের পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হল, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবিনা। ফলে মোথাবাড়ি কাণ্ডের তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।


Recent Comments