back to top
Sunday, November 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশসুপ্রিম কোর্টের নির্দেশে মাদুরাইয়ের তিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ে প্রজ্বলিত ঐতিহ্যবাহী ‘কার্তিগাই দীপম’

সুপ্রিম কোর্টের নির্দেশে মাদুরাইয়ের তিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ে প্রজ্বলিত ঐতিহ্যবাহী ‘কার্তিগাই দীপম’

দীর্ঘ আইনি টানাপোড়েন ও প্রশাসনিক বাধা কাটিয়ে অবশেষে তামিলনাড়ুর মাদুরাই জেলার তিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ের চূড়ায় প্রজ্বলিত হলো ঐতিহ্যবাহী ‘কার্তিগাই দীপম’। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (সিআরপিএফ)-এর নজরদারিতে শনিবার সম্পন্ন হয় এই ধর্মীয় আচার। পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক পাথরের স্তম্ভ ‘দীপাথুন’-এ প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বিতর্ক চলছিল।

বিতর্কের সূত্রপাত পাহাড়ের চূড়ায় দীপ প্রজ্বলনের স্থান নিয়ে । আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে রাজ্য প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ সেখানে দীপ জ্বালানোর বিরোধিতা করে। তাদের বক্তব্য ছিল, প্রথা অনুযায়ী মন্দির সংলগ্ন নিচের মণ্ডপেই দীপ প্রজ্বলন করা উচিত। এর জেরে ২৪ নভেম্বর আদালতের অন্তর্বর্তীকালীন অনুমতি থাকা সত্ত্বেও নির্ধারিত স্থানে দীপ জ্বালানো সম্ভব হয়নি। পরে বিষয়টি নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

শুক্রবার মামলার শুনানিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-সহ ১৫ জন শীর্ষ আধিকারিককে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। পাশাপাশি মন্দিরের ট্রাস্টি বোর্ডকেও সাসপেন্ড করা হয়।

এরপর শনিবার আদালতের নির্দেশ অনুযায়ী, দুই অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে এবং সিআরপিএফের কড়া নিরাপত্তায় বিকেল ৫টায় ‘দীপাথুন’ স্তম্ভে মহাদীপ প্রজ্বলন করেন পুরোহিতরা। প্রায় ৩০ কেজি ঘি ও কর্পূর ব্যবহার করে জ্বালানো হয় এই দীপ। সীমিত সংখ্যক ভক্তকে পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল।

দীপ প্রজ্বলনের পর পাহাড়ের পাদদেশে অপেক্ষমাণ হাজার হাজার ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েন। ‘ভেত্রীভেল মুরুগানুকু আরোহরা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ঐতিহ্যবাহী এই ধর্মীয় রীতি সম্পন্ন হওয়ায় ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও আবেগ।

Authors

আরো পড়ুন:  শ্রেষ্ঠত্বের মুখোশ: ভারতের বেসরকারি উচ্চশিক্ষার চকচকে বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে আছে যে অন্ধকার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments