back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষাঘেরাটোপ পেরিয়ে তরুণ মনের দুয়ারে গান্ধীজির জীবন নিয়ে শিক্ষামূলক যাত্রা

ঘেরাটোপ পেরিয়ে তরুণ মনের দুয়ারে গান্ধীজির জীবন নিয়ে শিক্ষামূলক যাত্রা

উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউটাউনে অবস্থিত ড. এ. পি. জে. আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ-এর আমন্ত্রণে সোমবার কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয় ব্যারাকপুরের
গান্ধী স্মারক সংগ্রহালয়। কলেজের এন এস এস ইউনিট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগিতায় মহাত্মা গান্ধী ও ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী আয়োজিত হয় একাধিক শিক্ষামূলক ও আন্তঃক্রিয়ামূলক অনুষ্ঠান।

গান্ধী স্মারক সংগ্রহালয়ের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানের সূচনায় তাদের পক্ষ থেকে দেখানো হয় মহাত্মা গান্ধীর জীবন ও কর্মভিত্তিক বিশেষ চলমান প্রদর্শনী ‘মোহন থেকে মহাত্মা’। প্রদর্শনীতে গান্ধীজির জীবনীমূলক দুষ্প্রাপ্য নানান ছবি ও ঐতিহাসিক তথ্য-সহ চরখার প্রতিকৃতি, গান্ধীজির হাতে লেখা চিঠির প্রত্যয়িত প্রতিলিপি এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর প্রতিলিপি দেখানো হয়। শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উৎসাহের সঙ্গে প্রদর্শনীটি পরিদর্শন করে গান্ধীজির জীবন, দর্শন ও আদর্শ বোঝার সুযোগ পায়।

পরে ব্যারাকপুরের ঐতিহাসিক ভূমিকা ও ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাস নিয়ে বিশেষ তথ্যচিত্র দেখানো হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে গান্ধীজির জীবন ও কর্মকে কেন্দ্র করে সংগ্রহালয়ের দৃশ্য-শ্রাব্য উপস্থাপনের মাধ্যমে আয়োজিত হয় একটি বিশেষ প্রশ্নোত্তর প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পর্ব হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। সঠিক উত্তরদাতাদের হাতে সংগ্রহালয়ের পক্ষ থেকে স্মারক মেডেল তুলে দেওয়া হয়।

সংগ্রহালয়ের প্রাচীরের বাইরে বেরিয়ে ইতিহাস ও ঐতিহ্যকে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে দিনটি হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা—যেখানে প্রদর্শনী, তথ্যচিত্র, উপস্থাপনা ও কুইজের মাধ্যমে ইতিহাস পায় এক নতুন প্রাণবন্ত পাঠ।

গান্ধীজির জীবন ও আদর্শের সঙ্গে তরুণ প্রজন্মের এই নিবিড় পরিচয়ই আমাদের আগামী দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রদর্শনীর শেষ প্রান্তে দাঁড়িয়েও তাই মনে হয়—‘মোহন থেকে মহাত্মা’-র এই যাত্রা শেষ নয়; বরং নতুন প্রজন্মের হৃদয়ে তার পথচলা আজ আরও এক ধাপ এগিয়ে গেল।

Author

আরো পড়ুন:  Library Book Purchase Policy: সরকারি লাইব্রেরিতে আর চাপিয়ে দেওয়া হবে না বইয়ের তালিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কেনা নিয়েও বদল বিজেপি সরকারের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments