রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সেই পরিস্থিতিতেই বিপাকে পড়েছেন ‘রূপশ্রী’ প্রকল্পের উপভোক্তারা। বিয়ের দিন ঘনিয়ে এলেও আবেদন জমা দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন বহু পরিবার।তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘রূপশ্রী’ প্রকল্পের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মহিলাদের বিয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হত।
নিয়ম অনুযায়ী, বিয়ের কয়েক দিন আগে ব্লক অফিসে আবেদন জমা করতে হয়। তবে রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলার মধ্যেই আপাতত আবেদন গ্রহণ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার হরিহরপাড়া ব্লক অফিসে ‘রূপশ্রী’ প্রকল্পের আবেদন জমা দিতে এসে খালি হাতে ফিরতে হয় কয়েকজন মহিলাকে।
তাঁদের মধ্যে ছিলেন ভবানীপুর গ্রামের শামীমা আক্তার বানু, যার বিয়ের দিন আগামী ১৫ মে। এছাড়াও চোয়া পাঠানপাড়া এলাকার সাজমিনা খাতুনের বিয়ে ১৪ মে। দু’জনেই এদিন ব্লক অফিসে আবেদন করতে এসেছিলেন।শামীমা আক্তার বানু জানান, “রূপশ্রীর ফর্ম জমা দিতে এসেছিলাম। কিন্তু অফিস থেকে বলা হয়েছে এখন কোনও ফর্ম নেওয়া হবে না। শুধু আধার কার্ডের জেরক্স আর ফোন নম্বর জমা নেওয়া হয়েছে।”
অন্যদিকে এক অভিভাবকের কথায়, “আমি দিনমজুরের কাজ করি। অনেক কষ্ট করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। রূপশ্রীর টাকার উপর অনেকটাই ভরসা ছিল। এখন যদি সেই টাকা না পাই, তাহলে বিয়ের খরচ কমাতে হবে।”নতুন সরকার এই প্রকল্প পুনরায় চালু করবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
বিশেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই যাদের বিয়ে, তারা আদৌ এই সুবিধা পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের পর প্রকল্প সংক্রান্ত নির্দেশিকা এলেই ফের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে উপভোক্তাদের।

Recent Comments