বর্ষাকাল শেষের পথে। শরতের আবহাওয়া শুরু হলেও এখনও পুরোপুরি বিদায় নেয়নি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছেছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পাশাপাশি রাজস্থান থেকে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বৃষ্টির পরিস্থিতিতে অঞ্চলভেদে পার্থক্য দেখা যাচ্ছে।
সোমবার দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আপাতত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকতে পারে। যদিও মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনায় বেশি অস্থির। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি রয়েছে।
এদিকে কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। সব মিলিয়ে আগামী কয়েক দিনে কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না। বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার দেখা মিলতে পারে।


Recent Comments