রাত হলেই শহর ও শহরতলির বিভিন্ন রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে থাকে বাস। রাস্তার একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার অভিযোগও দীর্ঘদিনের। এবার এই বেআইনি নাইট পার্কিং বন্ধ করতে কড়া পদক্ষেপের কথা জানাল পরিবহণ দফতর। রাতে রাস্তার ধারে বাস দাঁড় করালে দিতে হবে ৭০০ টাকা পার্কিং ফি।
রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সেখানেই তিনি জানান, রাতের বেলায় রাস্তার ধারে বাস পার্ক করে রাখার ক্ষেত্রে এবার থেকে বাস-পিছু ৭০০ টাকা করে চার্জ নেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তের উদ্দেশ্য, রাস্তা দখল করে বাস দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ করা।
পরিবহণ মন্ত্রীর এই ঘোষণার পর অবশ্য বাস মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, অতিরিক্ত পার্কিং ফি চালু হলে বাস মালিকদের উপর আর্থিক চাপ বাড়বে।
এদিন পরিবহণ ব্যবস্থা নিয়ে আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুধুমাত্র আমলাতন্ত্রের উপর নির্ভর করে থাকলে চলবে না। রাজনৈতিক নেতৃত্বকেও প্রয়োজন অনুযায়ী সক্রিয় ভূমিকা নিতে হবে।
পরিবহণ দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দফতরের ডিরেক্টর পদে থাকা এক আধিকারিককে সরিয়ে সেখানে একজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, বর্ধমানে মিনিবাস ধর্মঘটের সম্ভাবনা নিয়েও তিনি কথা বলেন। তাঁর বক্তব্য, ১৩০টি মিনিবাস ধর্মঘটে যাওয়ার খবর পাওয়ার পরই পরিবহণ দফতরের সচিবের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
নাইট পার্কিং নিয়ে ৭০০ টাকা ফি চালুর ঘোষণা ঘিরে এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর পরিবহণ মহলের। একইসঙ্গে, এই সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর করা হবে এবং কোথায় কোথায় এই নিয়ম প্রযোজ্য হবে, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।


Recent Comments