বর্ষার দাপট ধীরে ধীরে কমার ইঙ্গিত দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি আপাতত উল্টো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। আগামী চার-পাঁচ দিনের জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমও বাড়তে পারে।
উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি বেশ কিছুটা আলাদা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।
সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে দক্ষিণ ছত্তীসগঢ়ের উপর অবস্থান করা একটি নিম্নচাপ। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।


Recent Comments