Ankita Mondal: উল্টোডাঙা উড়ালপুলে গাড়ির উপর ভেঙে পড়ল ‘হাইটবার’, ফ্লাইওভারে বন্ধ যান চলাচল, তীব্র যানজট ইএম বাইপাসে। মঙ্গলবার সন্ধ্যায় ভরসন্ধ্যায় বিপত্তি।
মঙ্গলবার সন্ধ্যায় ইএম বাইপাস থেকে লেক টাউন যাওয়ার পথে উল্টোডাঙা উড়ালপুলে ওঠার মুখে এই দুর্ঘটনা ঘটে।
একটি বড় মালবাহী গাড়ি তীব্র গতিতে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করে। সেই সময় গাড়িটি সজোরে ধাক্কা মারে ফ্লাইওভারের মুখে বসানো হাইট বার বা ক্র্যাশ ব্যারিয়ারে।
ধাক্কার তীব্রতায় লোহার ভারী হাইট বারটি আড়াআড়িভাবে ভেঙে রাস্তার উপর পড়ে যায় এবং একটি গাড়ির উপর ভেঙে পড়ে।
সূত্রের খবর, এই ঘটনায় কেউ গুরুতর জখম হননি, এটাই বড় বাঁচোয়া। তবে গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।
ঘটনার পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইওভার দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফলে ইএম বাইপাস সংলগ্ন ওই অংশে তীব্র যানজট তৈরি হয়। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভিআইপি রোড থেকে ইএম বাইপাসগামী এবং বাইপাস থেকে লেক টাউনগামী সমস্ত গাড়ি নীচের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
উল্টোডাঙা ফ্লাইওভারে ভারী ও বড় পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট উচ্চতার হাইট বার বসানো রয়েছে। এর আগে ২০১৩ সালে এই ফ্লাইওভারের একটি অংশ ভেঙে পড়েছিল। তারপর থেকে পণ্যবাহী গাড়ি এই উড়ালপুলে ওঠা নিষেধ।
পুলিশ জানিয়েছে, হাইট বার সরিয়ে ফ্লাইওভার মেরামতের পরেই ফের যান চলাচল শুরু হবে।

Recent Comments