দুর্গাপুজোর আগে কলকাতার বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে ইলিশ রফতানির কোনও অনুমতি পাওয়া যায়নি। এর পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে এ বছর পুজোর মরসুমে বাংলাদেশের ইলিশের দেখা পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন মাছ ব্যবসায়ীরা।
বাংলাদেশি ইলিশ আমদানির অনুমতি চেয়ে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গত অগস্টে ঢাকা গিয়েছিল। সেখানে বাংলাদেশের বাণিজ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। সেই সময় বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর বিষয়ে আশ্বাসও দেওয়া হয়েছিল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর মধ্যেই গত অগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়। ওই ইলিশের বেশিরভাগই ছিল ডিম ভর্তি। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় বুধবার ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি বাতিল করে বাংলাদেশ সরকার।
অন্যদিকে, পুজোর আগে বাংলাদেশি ইলিশ কলকাতায় আনার জন্য হাতে সময়ও ক্রমশ কমে আসছে। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের দাবি, এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে ইলিশ রফতানির কোনও ছাড়পত্র পাওয়া যায়নি।
তিনি জানান, আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে চলেছে। ফলে তার আগেই ইলিশ রফতানির অনুমতি না মিললে পুজোর সময় কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ পৌঁছনোর সম্ভাবনা আরও কমে যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে ২০১৮ সালে দুই দেশের মধ্যে আলোচনার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশ এসেছে। তবে এ বছর সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।


Recent Comments