back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদেশ বাঁচাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান অরবিন্দ কেজরিওয়ালের, নিশানা করলেন বিজেপিকে

দেশ বাঁচাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান অরবিন্দ কেজরিওয়ালের, নিশানা করলেন বিজেপিকে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচার শুরু করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার কলকাতার বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে তিনি বিজেপি বিরোধী সমস্ত দলকে একজোট হওয়ার ডাক দেন। গণতন্ত্র এবং দেশকে বাঁচাতে কংগ্রেস ও বামপন্থীদের ভোট না দিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ানোর জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

কেজরিওয়ালের মতে, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বিপদ হলো বিজেপি (BJP)। তাই দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন, তাদের উচিত তৃণমূলকে সমর্থন করা। তিনি বলেন, “কংগ্রেস বা সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়া। তাই যারা ভারতকে ভালোবাসেন, তারা এবার দল ভুলে যান। দেশকে বাঁচাতে হবে। আর দেশ বাঁচলে তবেই দল বাঁচবে। দিদি আপনাদের জন্য যে লড়াই করছেন, তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়।”

সভায় বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়েছে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সবার আগে এই প্রকল্পের টাকা বন্ধ করে দেবে। দিল্লিতেও তারা মহিলাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এক টাকাও পায়নি। ওরা শুধু মিথ্যা বলতে জানে, দিতে জানে না।”

বাংলার সংস্কৃতি ও মর্যাদার ওপর বিজেপি আঘাত হানছে বলেও অভিযোগ করেন আপ সুপ্রিমো। তিনি বলেন, “পুরো দেশের সেনা বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা বাঙালির সংস্কৃতি এবং বাংলার অস্মিতার ওপর বড় হামলা। কিন্তু স্বাধীনতা আন্দোলনে যেমন বাঙালির অবদান সবচেয়ে বেশি ছিল, তেমনই এবারও গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে বাংলাই জিতবে।”

আরো পড়ুন:  দ্বিতীয় দফার প্রচারের শেষ লগ্নে ভাটপাড়ায় মেগা সভা, নরেন্দ্র মোদীর বার্তার অপেক্ষায় বিজেপি কর্মীরা

এই সভায় উপস্থিত তৃণমূল প্রার্থী কুণাল ঘোষও (Kunal Ghosh) কেজরিওয়ালকে সমর্থন জানিয়ে বলেন, “ভোট ভাগাভাগি হলে বিজেপিরই লাভ হবে। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কেজরিওয়ালকেও ভয় পান, তাই এত মিথ্যা মামলা। দিদি ওনাকে স্নেহ করেন বলেই আজ তিনি বাংলার মাটিতে আমাদের হয়ে প্রচার শুরু করলেন।”

বেলেঘাটার পাশাপাশি এদিন টালিগঞ্জ এবং বালিগঞ্জেও তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন কেজরিওয়াল। সব কটি সভা থেকেই তাঁর মূল বার্তা ছিল একটাই—বিজেপিকে রুখতে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষা করতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রাজনৈতিক মহলের মতে, বাংলায় এসে কেজরিওয়ালের এই প্রকাশ্য সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রচারকে আরও এক ধাপ এগিয়ে দিল। বিশেষ করে বাম এবং কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধস নামিয়ে তৃণমূলের ঝুলিতে সেই ভোট টানার ক্ষেত্রে তাঁর এই আবেদন কতটা কার্যকরী হয়, তা ভোটের ফলেই স্পষ্ট হবে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments