দেশের সর্বোচ্চ আদালতে জমে থাকা বিপুল মামলার চাপ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এ বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।মঙ্গলবার নরেন্দ্র মোদি-র নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ ছয় বছর পর এমন বৈঠকে বিচারব্যবস্থার সংস্কার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল বলে সূত্রের খবর। বর্তমানে শীর্ষ আদালতে প্রায় ৯২ হাজার মামলা বিচারাধীন, যা দ্রুত নিষ্পত্তির জন্য এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন্দ্র জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’ শীঘ্রই সংসদে পেশ করা হবে। সংবিধানের ১২৪(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন পাশ হলেই বিচারপতির সংখ্যা বাড়ানো সম্ভব। ১৯৫৬ সালে যেখানে প্রধান বিচারপতি ছাড়া বিচারকের সংখ্যা ছিল মাত্র ১০, সেখানে ধাপে ধাপে তা বেড়ে ২০১৯ সালে দাঁড়ায় ৩৩-এ। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩৭ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রধান বিচারপতিকে নিয়ে সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা হবে ৩৮। নতুন বিচারপতিদের বেতন ও সহায়ক কর্মীদের সমস্ত ব্যয় সরকারি তহবিল থেকেই বহন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।কেন্দ্রের দাবি, বিচারব্যবস্থার গতি বাড়ানো এবং সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ। সংসদের অনুমোদন মিললেই শীর্ষ আদালতে আরও চারজন নতুন বিচারপতির নিয়োগের পথ খুলে যাবে।

Recent Comments