back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধঘোষপুকুরে ভয়াবহ পথদুর্ঘটনা, সরকারি বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

ঘোষপুকুরে ভয়াবহ পথদুর্ঘটনা, সরকারি বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২৫

উত্তরবঙ্গের ব্যস্ত ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ২৫ জন যাত্রী। গুরুতর জখম হয়েছেন বাসচালক, লরির চালক ও সহচালকও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাস ঘোষপুকুর এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাস ও লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর জাতীয় সড়কের উপর কিছু সময়ের জন্য যানজটেরও সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসের ভেতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

বহু যাত্রী আহত অবস্থায় বাসের মধ্যেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর লরির চালক গাড়ির কেবিনে আটকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে খবর।ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি অথবা নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Author

আরো পড়ুন:  দিনভর জানলাম ‘চানক্য’ আর নেই, আসল চানক্যর পরিচয় কী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments