বিনা টিকিটে যাতায়াত রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলের মালদহ ডিভিশন। মে মাসের প্রথম ১০ দিনেই বিশেষ টিকিট পরীক্ষার অভিযানে রেকর্ড আয় করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, এই স্বল্প সময়ের মধ্যেই টিকিট চেকিং থেকে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মালদহ ডিভিশনের ইতিহাসে নজিরবিহীন।
রেল প্রশাসনের দাবি, এত কম সময়ে এর আগে কখনও টিকিট পরীক্ষার মাধ্যমে এত বিপুল পরিমাণ আয় হয়নি। বিনা টিকিটে সফর, অনিয়মিত টিকিট ব্যবহার ও বিভিন্ন নিয়মভঙ্গের অভিযোগে যাত্রীদের কাছ থেকে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন ও দূরপাল্লার ট্রেনে গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ফরাক্কা, আজিমগঞ্জ-সহ একাধিক ছোট ও গুরুত্বপূর্ণ স্টেশনেও জোরদার টিকিট চেকিং করা হয়। নিয়মিত ও ধারাবাহিক অভিযানের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিং জানিয়েছেন, চলতি বছরের মে মাসের প্রথম ১০ দিনের টিকিট চেকিং আয় আগের তুলনায় প্রায় ২৮১.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিপুল অঙ্কের রাজস্ব বৃদ্ধিকে রেলের জন্য বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
রেল প্রশাসনের মতে, এই ধরনের কড়া নজরদারির ফলে যেমন রেলের আয় বাড়ছে, তেমনই যাত্রীদের মধ্যেও নিয়ম মেনে টিকিট কেটে যাতায়াত করার সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

Recent Comments