পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।
অতি সম্প্রতি রাইটার্স বিল্ডিংসের ফরেনার্স ব্রাঞ্চ (‘সার্ক ভিসা সেকশন’) থেকে রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে।সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের গত বছরের (২ মে, ২০২৫) একটি নির্দেশিকাকে ভিত্তি করেই এই পদক্ষেপ করা হচ্ছে।
এ দেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মূল চিঠির সঙ্গে এই সংক্রান্ত আট পাতার একটি নির্দেশিকাও জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।


Recent Comments