নিজস্ব সংবাদদাতা : মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদকে ঘিরে প্রতি বছর ময়নাগুড়ি বাজারে উপচে পড়া ভিড় দেখা যায়। নতুন পোশাক, জুতো, সেমাই, মিষ্টি কিংবা ফল কেনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে বাজার। কিন্তু এবার সেই চেনা ছবি যেন একেবারেই উধাও। ঈদের আগের দিনেও বাজারের বিভিন্ন প্রান্তে দেখা মিলল না প্রত্যাশিত ভিড়ের। ফলে চরম হতাশায় পড়েছেন ব্যবসায়ীরা।ময়নাগুড়ি বাজারের কাপড়পট্টি, জুতোপট্টি, ফলপট্টি থেকে শুরু করে মিষ্টি ও সেমাইয়ের দোকান— সর্বত্রই ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম।
ব্যবসায়ীদের বক্তব্য, অন্যান্য বছর এই সময়টাতেই সবচেয়ে বেশি বেচাকেনা হয়। কিন্তু এবার বিক্রি এতটাই কম যে অনেকেই লোকসানের আশঙ্কা করছেন।কাপড় ব্যবসায়ী বিপ্লব চক্রবর্তী জানান, প্রতি বছর ঈদের আগে পাঞ্জাবি-সহ বিভিন্ন পোশাকের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু এবারে দোকানে ক্রেতাই আসছেন না। তিনি বলেন, “অন্য বছর যেখানে ঈদের আগে হাতে সময় থাকত না, সেখানে এবার সারাদিন দোকানে বসেও তেমন বিক্রি হচ্ছে না।”
একই ছবি সেমাইয়ের দোকানেও। ব্যবসায়ী নির্মল সাহা জানান, ঈদ উপলক্ষে আগেভাগেই পাইকারি বাজার থেকে প্রচুর সেমাই তুলেছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তার অল্প অংশই বিক্রি হয়েছে। এতে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
সব মিলিয়ে, উৎসবের আনন্দের বদলে এবারের ঈদে ময়নাগুড়ির ব্যবসায়ী মহলে যেন হতাশার ছায়াই বেশি স্পষ্ট হয়ে উঠেছে।

Recent Comments