Ankita Mondal: জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ফেরি। প্রবল খারাপ আবহাওয়ার মধ্যে ‘Virgo Transport 8’ নামের ফেরিটি উল্টে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে। অন্যদিকে, প্রায় ১২৯ জন যাত্রীর এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ জোরদার করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন।
শনিবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে রওনা দিয়েছিল ফেরিটি। যাত্রাপথে রবিবার ভোরে খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটিতে মোট ২৪৩ জন ছিলেন, যার মধ্যে ৩০ জন ক্রু সদস্য।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার আগে সমুদ্রে প্রবল ঢেউয়ের মুখে পড়েছিল ফেরিটি। এরপর সেটি কাত হয়ে যায় এবং পরে উল্টে যায়। উদ্ধারকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলের কাছে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইতিমধ্যেই বিভিন্ন জাহাজের সাহায্যে বহু যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের অন্য জাহাজে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে জাহাজের পাশাপাশি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বানজারমাসিনে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরা উদ্ধার অভিযানের আপডেটের অপেক্ষায় রয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে দুর্ঘটনার সময় সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে এখনও জোরকদমে চলছে উদ্ধার অভিযান।

Recent Comments