Susmita Das: হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজের উপর নতুন ধরনের বিস্ফোরক হামলায় বাড়ল সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। শুক্রবার পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি লুইস ১’-এ হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে ২৭ জন ভারতীয় নাবিক ছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের উদ্ধৃত সামুদ্রিক নিরাপত্তা সূত্রের দাবি, একটি ছোট নৌকা থেকে জাহাজের গায়ে দু’টি ‘লিমপেট মাইন’ লাগিয়ে দেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে এবং জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। বিস্ফোরণের জেরে সাময়িকভাবে অচল হয়ে পড়ে ট্যাঙ্কারটি।
তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজের কর্মীরা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, জাহাজে থাকা ২৭ জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন। কারও আঘাত লাগেনি। কোনও তেল ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেনি এবং পরে জাহাজটি ফের যাত্রা শুরু করে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, ওমানের খাসাব বন্দর থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে।
সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চলন্ত জাহাজের গায়ে ছোট নৌকা থেকে বিস্ফোরক লাগিয়ে পালিয়ে যাওয়ার কৌশল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় বিপদ তৈরি করতে পারে। চলতি সংঘাত শুরু হওয়ার পর হরমুজ় প্রণালীতে লিমপেট মাইন ব্যবহারের এটিই প্রথম সফল হামলা বলে জানা যাচ্ছে।
এর এক দিন আগেই ‘এমটি আরজানাহ’ নামে আরেকটি ট্যাঙ্কারে হামলা হয়েছিল। ওই জাহাজে থাকা দুই ভারতীয়ও নিরাপদ রয়েছেন। পরপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার নেপথ্যে কারা, তা এখনও নিশ্চিত নয়।

Recent Comments