Om Shankar Bhatta: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৭ রানে পরাজিত হল ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে গ্লেন ফিলিপসের বিধ্বংসী শতরান এবং জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ের দাপটে বড় জয় তুলে নিল কিউইরা। এই জয়ের ফলে সিরিজে ব্যবধান কমে দাঁড়াল ৩-১।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে মাত্র ৪৯ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। অন্যদিকে, মাইকেল ব্রেসওয়েল মাত্র ২৫ বলে ৬৫ রান করে দলের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ৩টি উইকেট নেন। অর্শদীপ সিং, প্রিন্স যাদব , নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এরা সবাই একটি করে উইকেট নেন।
২৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। সঞ্জু স্যামসন ৪ রান করে আউট হন এবং ঈশান কিষাণ কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। তিলক বর্মা ৩৫ এবং নমন ধীর ২৮ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জ্যাকব ডাফি। মাত্র ২৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া মিচেল স্যান্টনার ও ম্যাথিউ ফিশার ২টি করে উইকেট পান। দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন গ্লেন ফিলিপস।

Recent Comments