ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ফের নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ‘ভোট চুরি’ দেশের মানুষের অধিকার এবং সংবিধানের উপর সরাসরি আঘাত। একই সঙ্গে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
রাহুলের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের অভ্যন্তরে SIR এবং ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী অন্তত ১৪ বার ভোটার তালিকা ও SIR সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন।
রাহুল গান্ধী বুধবার এক্স-এ লেখেন, ভোট ‘চুরি’ ভারতের মানুষের বিরুদ্ধে অপরাধ এবং সংবিধানের উপর সরাসরি আক্রমণ। তাঁর অভিযোগ, বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও বার্তাতেও নির্বাচন কমিশন ও নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে একই ধরনের অভিযোগ তোলেন তিনি।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই নির্বাচন কমিশনারের আপত্তির মধ্যে ছিল নতুন ভোটারদের নথিভুক্তির ফর্ম-৬-এ পরিবর্তন, ভোটারদের নাম বাদ দেওয়া ও নতুন নাম যুক্ত করার প্রক্রিয়া এবং ভোটার তালিকার তথ্যভাণ্ডারে প্রবেশাধিকারের মতো বিষয়। ভোটার তালিকার তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ক্রমশ কেন্দ্রীয়করণ হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের কাছে চিঠি পাঠানোর কথাও উঠে এসেছে।
তবে এই অভিযোগ ও রিপোর্টের পর নির্বাচন কমিশনের তরফে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, বিভিন্ন বিষয়ে দুই নির্বাচন কমিশনার উদ্বেগ বা প্রশ্ন তুলেছিলেন ঠিকই, কিন্তু SIR-সহ কমিশনের কোনও সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়নি। কমিশনের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী—তিন জনের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে SIR নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও নতুন করে আলোচনায় এসেছে। একদিকে দুই কমিশনারের লিখিত আপত্তির বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে কমিশন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তগুলি তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে।


Recent Comments