Susmita Das: ২০২৬ সালের অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে দল। বাংলার নির্বাচনী প্রচারে খরচ হয়েছে প্রায় ২৮৬ কোটি টাকা, যা পাঁচ রাজ্যে দলের মোট ব্যয়ের প্রায় ৫৪ শতাংশ।
হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ দলীয় প্রচারে খরচ হয়েছে ২১৭.১৬ কোটি টাকা। এছাড়াও প্রার্থীদের নির্বাচনী খাতে ব্যয় হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা, যার মধ্যে ৫৮.৮০ কোটি টাকা সরাসরি প্রার্থীদের দেওয়া হয়েছিল। অন্য চার রাজ্যের মধ্যে অসমে ৯৬.২৬ কোটি, কেরলে ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা খরচের হিসাব জমা পড়েছে।
নির্বাচনী প্রচারের খরচের মধ্যে যাতায়াত, সভা-সমাবেশ, বিজ্ঞাপন, প্রচারসামগ্রী এবং অন্যান্য প্রচার সংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্ত থাকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে ভোটের পর তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে হয়। তবে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকলেও রাজনৈতিক দলের মোট নির্বাচনী প্রচার ব্যয়ের উপর একই ধরনের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। ২০২৬ সালের নির্বাচনে অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে একজন বিধানসভা প্রার্থীর ব্যয়সীমা ৪০ লক্ষ টাকা এবং পুদুচেরিতে ২৮ লক্ষ টাকা নির্ধারিত ছিল।
এদিকে, নির্বাচন পর্বে বিজেপির মোট আয় প্রায় ১,৪৯৪ কোটি টাকা বলে দলের জমা দেওয়া হিসাব থেকে জানা যাচ্ছে। নির্বাচনী পর্ব শেষে ব্যাঙ্কে থাকা অর্থ ও হাতে থাকা নগদ মিলিয়ে দলের উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় ৭,৬৮৯.০৬ কোটি টাকা।
ফলে পাঁচ রাজ্যের ভোটে বিজেপির নির্বাচনী অর্থব্যয়ের যে হিসাব প্রকাশ্যে এসেছে, তাতে পশ্চিমবঙ্গের অংশটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে।

Recent Comments