Ankita Mondal: কাশ্মীর প্রসঙ্গে নাক গলানোয় পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ককে কড়া ভাষায় জবাব দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যকে ‘অনাহূত’ বলে উড়িয়ে দিল দিল্লি এবং স্পষ্ট করে দিল কাশ্মীর নিয়ে কোনও বাইরের দেশের কোনও এক্তিয়ার নেই।
গত ২২ সেপ্টেম্বর, ৮১তম রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফের কাশ্মীর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী আলোচনার মাধ্যমে।
এরদোগানের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। এর আগেও ২০১৯ এবং ২০২১ সালে তিনি রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন, যদিও ২০২৪ সালে তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে এরদোগানের মন্তব্যের কড়া জবাব দেন।
তিনি বলেন, “তুরস্কের প্রেসিডেন্টের তরফে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে যে অনাহূত মন্তব্য করা হয়েছে, ভারত তা খারিজ করছে।”
তিনি আরও বলেন, “এটা ভারতের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিষয়, এবং এই বিষয়ে কোনও বাইরের পক্ষের কোনও লোকাস স্ট্যান্ডি বা এক্তিয়ার নেই।”
ভারত বরাবরই বলে এসেছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়। ১৯৭২ সালের শিমলা চুক্তি অনুযায়ী দুই দেশ শান্তিপূর্ণভাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করবে, সেখানে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।

Recent Comments