back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরবাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি যেতে ভয়, নিরাপত্তা চেয়ে সিইওকে চিঠি বিএলও...

বাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি যেতে ভয়, নিরাপত্তা চেয়ে সিইওকে চিঠি বিএলও সংগঠনের

ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের তালিকায় তোলা এবং নতুন যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বুথ লেভেল অফিসার (বিএলও)-দের একাংশ। তাঁদের আশঙ্কা, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে পারেন তাঁরাই। বিশেষ করে রাজ্যের কয়েকটি স্পর্শকাতর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কাজ করার সময় হামলা বা হেনস্থার আশঙ্কা রয়েছে বলে দাবি বিএলও সংগঠনের।

এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নীলম মিনার কাছে নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দিয়েছে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ। সংগঠনের দাবি, প্রয়োজন অনুযায়ী প্রতিটি বিএলও-র সঙ্গে নিরাপত্তাকর্মী বা বাহিনীর ব্যবস্থা করা হোক।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পুরনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে যোগ্য ভোটারদের চিহ্নিত করে ফের তালিকায় নাম তোলার কাজ করবেন বিএলও-রা। পাশাপাশি নতুন যোগ্য ভোটারদের নামও নথিভুক্ত করা হবে। এই কাজের জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিএলও সংগঠনের সম্পাদক স্বপন মণ্ডল সিইও-কে দেওয়া চিঠিতে রাজ্যের আটটি জেলার কিছু স্পর্শকাতর এলাকার কথা উল্লেখ করেছেন। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশ, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কলকাতার কিছু এলাকা। সংগঠনের দাবি, এই এলাকাগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। ফলে সেখানে কাজ করতে গিয়ে বিএলও-দের সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে বিএলও-দের কোনও ভূমিকা নেই। তা সত্ত্বেও অতীতে নাম বাদ যাওয়ার জন্য তাঁদেরই দায়ী করে হেনস্থা করা হয়েছে। আগামী দিনে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংগঠনের সদস্যরা।

স্বপন মণ্ডলের দাবি, এসআইআর চলাকালীন তথ্যগত অসঙ্গতির উল্লেখ করে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় ১৮-১৯ লক্ষ ভোটার বৈধ বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়। ফলে বাদ পড়া ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি সংগঠনের।

আরো পড়ুন:  অগস্টে মালদহ মেডিক্যালে ৮৩ শিশুর মৃত্যু, কারণ খতিয়ে দেখতে আজ বিশেষজ্ঞ দল

এই পরিস্থিতিতে কমিশনের নির্দেশ মেনে বিএলও-দের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করলে দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ। সেই কারণেই প্রতিটি বিএলও-র সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সিইও-র কাছে আবেদন জানানো হয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments