back to top
Monday, October 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরপুরভোটের আগে বড় আশ্বাস সুপ্রিম কোর্টের! বাদ পড়া ভোটারদের আবেদনে মিলবে অগ্রাধিকার

পুরভোটের আগে বড় আশ্বাস সুপ্রিম কোর্টের! বাদ পড়া ভোটারদের আবেদনে মিলবে অগ্রাধিকার

পশ্চিমবঙ্গে পুরভোটের আগে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদের মধ্যে যে সব এলাকার নির্বাচন আসন্ন, সেখানকার আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। ফলে পুরভোটের আগে ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় রয়েছেন বহু ভোটার।

শুক্রবার পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ। তাঁর বক্তব্য, আগামী নভেম্বর মাসে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হতে পারে। অথচ এখনও বহু ভোটারের নাম অন্তর্ভুক্তির আবেদন ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। সময়মতো সেই আবেদনগুলির নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ভোটাররা পুরভোটেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না।

আবেদনে আরও জানানো হয়, শুধুমাত্র কলকাতা ও হাওড়াতেই প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের আবেদন ট্রাইবুনালে ঝুলে রয়েছে। দ্রুত শুনানি না হলে এত বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া কঠিন হতে পারে। এর আগে দু’বার মামলার শুনানি পিছিয়ে যাওয়ার বিষয়টিও আদালতের নজরে আনেন আইনজীবী।

এই আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, পশ্চিমবঙ্গে পুরভোটের সম্ভাবনা এবং বহু ভোটারের আবেদন এখনও বিচারাধীন থাকার বিষয়টি আদালতের জানা রয়েছে। সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। যে সব এলাকায় নির্বাচন আসন্ন, সেখানকার বাদ পড়া ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন আগে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে শীর্ষ আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মামলাটির শুনানি হতে পারে। আগামী শুক্রবার শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করা সম্ভব কি না, তা বিবেচনা করা হবে। সেদিন শুনানি না হলে ২৯ অক্টোবর মামলাটি শোনা হতে পারে।

উল্লেখ্য, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বহু মানুষ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন। এর জেরে বিধানসভা নির্বাচন এবং নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে অনেকের ভোটাধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার আসন্ন পুরভোটকে সামনে রেখে দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে।

আরো পড়ুন:  গঙ্গার ভাঙনে রাতারাতি তলিয়ে গেল স্কুলের একাংশ, বন্ধ পঠনপাঠন; বিপাকে ৩২০ পড়ুয়া

যদিও রাজ্য নির্বাচন কমিশন এখনও পুরভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি, তবুও নভেম্বর মাসে ভোট হওয়ার সম্ভাবনা ঘিরে প্রস্তুতি ও জল্পনা চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন বাদ পড়া ভোটাররা। তবে শেষ পর্যন্ত কতগুলি আবেদন নিষ্পত্তি হবে এবং সংশ্লিষ্ট ভোটাররা পুরভোটে অংশ নিতে পারবেন কি না, তা নির্ভর করবে মামলার শুনানি ও পরবর্তী পদক্ষেপের উপর।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments