দুর্গাপুজোর আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি। পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে শুক্রবার বিশেষ পূর্বাভাস প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। পুজোর শেষ কয়েকটি দিন বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম থাকবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ফলে পুজোর শুরুর দিনগুলিতে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টির মুখে পড়তে পারেন দর্শনার্থীরা।
পঞ্চমী থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তমী ও অষ্টমীতেও পুরোপুরি স্বস্তি মিলছে না। ১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিনগুলিতে আকাশের মুখভার থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে।
তবে নবমী থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ২০ থেকে ২২ অক্টোবর, অর্থাৎ নবমী, দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। ফলে পুজোর শেষের দিনগুলিতে ঠাকুর দেখার ক্ষেত্রে আবহাওয়া কিছুটা অনুকূল হতে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাসেও একই ছবি উঠে এসেছে। মহালয়ার দিন শহরের আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ১১ থেকে ১৩ অক্টোবর, তৃতীয়া পর্যন্ত শহরে বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। চতুর্থীতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এরপর পঞ্চমী, ষষ্ঠী ও প্রথম সপ্তমীতে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১৮ ও ১৯ অক্টোবরও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে নবমী, অর্থাৎ ২০ অক্টোবর থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গে পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মহালয়ার দিন কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর পঞ্চমী পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে ষষ্ঠী ও সপ্তমীতে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি হতে পারে। এরপর ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, পুজোর প্রথম দিক থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকলেও নবমী থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই পুজোর পরিকল্পনা করার আগে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


Recent Comments