Om Shankar Bhatta: মালদার ভয়াবহ বন্যা এবং গঙ্গা নদী ভাঙ্গন বিপর্যস্ত মানুষদের পুনর্বাসনের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির স্থায়ী সমাধান ও আর্থিক সহযোগিতার বার্তা দিতে সম্প্রতি জেলা সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মানিকচকের মথুরাপুরে আয়োজিত এক সরকারি মঞ্চ থেকে তিনি বন্যা দুর্গতদের জন্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদানের ঐতিহাসিক ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মানিকচক, রতুয়া ও ইংরেজবাজার ব্লকের মোট ২৪,৫৯৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। এই পুনর্বাসন প্যাকেজের আওতায়, যেসব পরিবারের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেককে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য ৯০ হাজার টাকা করে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের তালিকায় কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং ভুয়া আবেদনকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আসন্ন দুর্গাপুজো উৎসবের কথা মাথায় রেখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫,০০০টি পরিবারকে বিশেষ উপহার কিট দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে নতুন পোশাক, মশারি, ত্রিপল ও পাঁচ দিনের খাদ্যসামগ্রী। বর্তমানে দুর্গতদের সহায়তায় জেলা জুড়ে ২১টি ত্রাণশিবির ও ২৫টি লঙ্গরখানা চালু রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
মালদহ ও মুর্শিদাবাদের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, নদীভাঙন রোধে আইআইটি কানপুরের বিশেষজ্ঞদের দিয়ে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করানো হচ্ছে। একই সঙ্গে ভাঙন রুখতে কেন্দ্রের কাছে ৩,৩০০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
এছাড়াও, মালদহকে সম্পূর্ণ মাদক ও বাল্যবিবাহ মুক্ত করার পাশাপাশি জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Recent Comments