ট্রেনে পর্যাপ্ত জল নেই, দীর্ঘক্ষণ ধরে কাজ করছে না এসি, এমনকী কামরায় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনও চার্জ দিতে পারছেন না—এই একাধিক অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে ক্ষোভ প্রকাশ করলেন BSF জওয়ানদের একাংশ। মঙ্গলবার বিকেলে নিউ জলপাইগুড়ি থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে যাওয়া একটি স্পেশাল ট্রেন বর্ধমান স্টেশনে পৌঁছতেই কয়েকজন জওয়ান ট্রেন থেকে নেমে প্রতিবাদ জানান।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে BSF জওয়ানদের নিয়ে ট্রেনটি দক্ষিণ ভারতের দিকে যাচ্ছিল। সোমবার সন্ধ্যায় যাত্রা শুরু করার পর থেকেই বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ জওয়ানদের। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে কামরার এসি কাজ করছিল না। পাশাপাশি পর্যাপ্ত জল না থাকায় বাথরুম ব্যবহার করতেও সমস্যায় পড়তে হচ্ছিল। কামরায় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগও ছিল না।
বর্ধমান স্টেশনে ট্রেন পৌঁছনোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন জওয়ান ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে জড়ো হন। তাঁদের হাতে বালতি, জগ, মগ ও বোতল দেখা যায়। স্টেশন থেকে জল সংগ্রহ করার চেষ্টা করেন তাঁরা। পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়তে দেওয়া হবে না বলেও ক্ষোভ প্রকাশ করেন জওয়ানদের একাংশ।
এরপর বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনা হয়। জওয়ানদের অভিযোগ নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ে টানাপোড়েন চলার পর পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে ফের ট্রেনে ওঠেন জওয়ানরা। এরপর দক্ষিণ ভারতের উদ্দেশে ট্রেনটি রওনা দেয়।
রেলের তরফে অবশ্য এসি এবং জল নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, এসি কাজ না করার খবর পাওয়ার পর ইঞ্জিনিয়াররা ট্রেনটি পরীক্ষা করেন। তাঁর দাবি, ট্রেন চলার সময় ব্যাটারি চার্জ হয়। কিন্তু পথে অল্প দূরত্বের মধ্যে বারবার ট্রেন দাঁড়ানোর কারণে ব্যাটারি পর্যাপ্ত চার্জ না হওয়ায় এসি ঠিকমতো কাজ করেনি। ট্রেন চলতে থাকলে সমস্যা মিটে যাওয়ার কথা বলেও জানান তিনি।
জল সংক্রান্ত অভিযোগের বিষয়ে রেলের বক্তব্য, ব্যবহারের কারণে ট্রেনের জল শেষ হয়ে গিয়েছিল। বর্ধমান স্টেশনে জল ভরার ব্যবস্থা না থাকায় সেখানে জল দেওয়া সম্ভব হয়নি। পরে খড়গপুর স্টেশনে ট্রেনে জল ভরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
দীর্ঘ যাত্রার পথে একটি বিশেষ ট্রেনে BSF জওয়ানদের এমন সমস্যার মুখে পড়া নিয়ে রেল পরিষেবা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে জল, বিদ্যুৎ এবং এসির মতো প্রয়োজনীয় পরিষেবা নিয়ে যাত্রীদের সমস্যার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।


Recent Comments