তদন্ত চলাকালীন গোপন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া নিয়ে আপত্তি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ ও বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে তদন্ত সংক্রান্ত তথ্য বাইরে চলে যাচ্ছে। এমনকি তাঁর ব্যক্তিগত তথ্য এবং জিজ্ঞাসাবাদের বিষয়ও কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই পরিস্থিতির প্রতিকার চেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।
এই মামলায় অভিষেকের মূল আবেদন, তদন্তের গোপনীয়তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করুক আদালত। তাঁর বক্তব্য, তদন্তের অগ্রগতি, জিজ্ঞাসাবাদের বিবরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই তদন্তকারী সংস্থাগুলিকে গোপন তথ্য ফাঁস হওয়া আটকানোর নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি, যে সমস্ত খবর তদন্তকে প্রভাবিত করতে পারে অথবা তাঁর সম্মানহানির কারণ হতে পারে, সেগুলি প্রকাশের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এর আগে একই বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে সেখানে তাঁর আবেদন জরুরি ভিত্তিতে শুনানি না পাওয়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন তিনি। প্রথমে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি উঠেছিল। বিচারপতি জানিয়েছিলেন, বিষয়টি তাঁর বিচারাধীন বেঞ্চের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণে উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে। কিন্তু সেখানেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করা হয়নি। আদালত জানিয়েছিল, নির্ধারিত তালিকা অনুযায়ী মামলাটির শুনানি হবে।
এর পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক। সূত্রের খবর, আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে।
অভিষেকের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন মামলার তদন্তের প্রয়োজনে তাঁকে একাধিকবার তলব করেছে পুলিশ-সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা। কখনও ভবানীভবনে, আবার কখনও সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে হয়েছে তাঁকে। তাঁর দাবি, তদন্তের স্বার্থে এই ধরনের জিজ্ঞাসাবাদ ও হাজিরা সংক্রান্ত তথ্য গোপন রাখা প্রয়োজন হলেও বাস্তবে তা হচ্ছে না। তদন্তের সঙ্গে যুক্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন তিনি।
এই মামলায় একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান রক্ষার প্রশ্ন উঠেছে, তেমনই অন্যদিকে তদন্তের তথ্য প্রকাশ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় আসতে পারে। তদন্ত সংক্রান্ত তথ্য কতটা প্রকাশ করা যেতে পারে এবং কোন পরিস্থিতিতে তা ব্যক্তির অধিকার বা তদন্তের স্বার্থের পরিপন্থী হয়ে উঠতে পারে, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের। তবে তাঁর অভিযোগ এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে পার্থক্য রয়েছে। মামলাটির শুনানির পরেই এই বিষয়ে পরবর্তী অবস্থান স্পষ্ট হবে।


Recent Comments