back to top
Tuesday, November 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বুধবার থেকে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার-শুক্রবার জারি হলুদ সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বুধবার থেকে বাংলায় বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার-শুক্রবার জারি হলুদ সতর্কতা

নভেম্বরের মাঝামাঝি সময়েও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না বাংলার। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে একটি গভীর নিম্নচাপ। এর সরাসরি প্রভাব অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়ার সম্ভাবনা থাকলেও, পরোক্ষ প্রভাব অনুভূত হবে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বুধবার থেকে বদলাতে শুরু করবে পরিস্থিতি। বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি সঞ্চয় করে সোমবার সন্ধ্যার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার মছলিপত্তনমের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া।

বৃহস্পতিবার, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শুক্রবারও দুর্যোগের আশঙ্কা থাকছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্যও সতর্কতা জারি করা হয়েছে।

আরো পড়ুন:  বৃষ্টির দাপট কাটছে, রবিবার থেকেই ফিরবে শরতের আকাশ! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা আলাদা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির পূর্বাভাস নেই। পাশাপাশি ধীরে ধীরে কমতে পারে রাতের তাপমাত্রা।

কলকাতার ক্ষেত্রেও বুধবার সকাল পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। আকাশ কখনও আংশিক মেঘলা থাকতে পারে। সকাল ও সন্ধ্যায় বজায় থাকবে মনোরম আবহাওয়া এবং হালকা শীতের আমেজ। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকতে পারে।

সব মিলিয়ে সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments