Om Shankar Bhatta: হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি এলাকায় বরফে ঢাকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি পর্যটকবাহী বাস। গ্রামফুর কাছে রাস্তার উপর জমে থাকা কালো বরফের (ব্ল্যাক আইস) কারণে বাসটি পিছলে গিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা মারে। তবে বাসটি খাদে পড়ে যাওয়ার পরিবর্তে পাহাড়ের দিকে চলে যাওয়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় রাস্তার উপর পাতলা বরফের স্তর তৈরি হয়েছিল। এই বরফের আস্তরণ দূর থেকে সহজে চোখে পড়ে না। ফলে চালকদের পক্ষে রাস্তার বিপজ্জনক পরিস্থিতি বুঝতে অসুবিধা হয়। বাসটি ওই অংশ দিয়ে যাওয়ার সময় পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের দিকে চলে যায়। ঘটনাটি সামনে আসতেই পাহাড়ি রাস্তায় শীতকালীন যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। লাহৌল-স্পিতি পুলিশ ইতিমধ্যেই ওই রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনা বুঝিয়ে দিয়েছে, হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং রাস্তার উপর জমে থাকা বরফ পর্যটক ও চালকদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Recent Comments