back to top
Monday, November 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতামেরামতির কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে...

মেরামতির কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে যানবাহন? জানুন বিকল্প রুট

মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার দীর্ঘ ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বিদ্যাসাগর সেতু। ২২ নভেম্বর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সময়ে সেতুর মূল অংশের পাশাপাশি সংযোগকারী র‍্যাম্প দিয়েও কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই এই মর্মে ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির উদ্যোগে সেতুর মেরামতি ও পুনর্বাসনের কাজ করা হবে। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং পরিবর্তনের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহন চলাচলের নিরাপত্তা বজায় রাখা এবং ভবিষ্যতে সেতুর পরিষেবা আরও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই এই সংস্কারকাজ করা হচ্ছে।

তবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলেও যাতে কলকাতা ও হাওড়ার মধ্যে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত না হয়, তার জন্য একাধিক বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সেতুমুখী গাড়িগুলিকে নির্দিষ্ট পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

এজেসি বোস রোড ধরে পশ্চিমমুখী হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবেন চালকেরা। পাশাপাশি হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরেও যাতায়াতের সুযোগ থাকবে।

অন্যদিকে, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর উদ্দেশে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজে পৌঁছতে পারবেন যাত্রীরা।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে পূর্বমুখী হয়ে সেতুর দিকে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।

আরো পড়ুন:  দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মহা সমারোহে পালিত হবে দেবী আদ্যা মায়ের আবির্ভাব তিথি! একসঙ্গে পুজো পাবেন ২০০০ কুমারী

এছাড়াও ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টের র‍্যাম্প ব্যবহার করে যেসব গাড়ি বিদ্যাসাগর সেতুতে ওঠে, সেগুলিকেও বিকল্প পথে চলতে হবে। ওই যানবাহনগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে কেপি রোড ধরে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়া যাবে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের অন্যান্য সংযোগকারী রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। ফলে রবিবার যাঁদের কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের আগেভাগেই বিকল্প রাস্তা সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ করে অফিস, জরুরি কাজ কিংবা দূরপাল্লার যাত্রার জন্য যাঁদের বেরোতে হবে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোনোই ভালো। নির্ধারিত সময়ে বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকায় স্বাভাবিকের তুলনায় অন্য রাস্তাগুলিতে যানবাহনের চাপ বাড়তে পারে। তাই রবিবারের যাত্রা নির্বিঘ্ন রাখতে কলকাতা পুলিশের ট্রাফিক নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments