Ankita Mondal: ফের প্রকাশ্যে এল টাটা গোষ্ঠীর অন্দরের দ্বন্দ্ব। টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করল টাটা ট্রাস্ট। ট্রাস্টের তরফে রবিবার, ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ড মিটিংয়ে নেওয়া ওই প্রস্তাব “শুরু থেকেই বাতিল” এবং এর কোনও আইনি বৈধতাই নেই।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ে চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান করার প্রস্তাব ওঠে। টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা এর বিরোধিতা করেন। এরপর বোর্ডের চেয়ারম্যান স্বাধীন ডিরেক্টর হরিশ মানওয়ানি নিজের কাস্টিং ভোট ব্যবহার করে প্রস্তাবটি পাস করিয়ে দেন।
টাটা ট্রাস্টের দাবি, টাটা সন্সের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ট্রাস্টের মনোনীত ডিরেক্টরদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগবে। প্রায় ৬৬% শেয়ারের মালিক টাটা ট্রাস্ট।
ট্রাস্টের বক্তব্য, চেয়ারম্যানের কাস্টিং ভোট শুধুমাত্র বোর্ডে ভোটাভুটি টাই হলে ব্যবহার করা যায়, কিন্তু ট্রাস্টের মনোনীতদের সমর্থনের আলাদা শর্তকে খারিজ করতে পারে না।
বিবৃতিতে টাটা ট্রাস্ট আরও বলেছে, “দুজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানে দুজনই, একজন নয়।” অর্থাৎ, একজন সমর্থন করলেও সেটা সংখ্যাগরিষ্ঠ নয়।
এই বিষয়ে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আইনি মতামতও জমা দিয়েছে টাটা ট্রাস্ট, যেখানে বলা হয়েছে কাস্টিং ভোট দিয়ে ট্রাস্টের ভেটো ক্ষমতাকে হারানো যায় না।

Recent Comments