প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই রাজ্যের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের ৩ হাজার টাকা জমা পড়বে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
রবিবার নবান্নে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ফের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে আয়োজিত ওই শিবিরে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
এ দিন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সামাজিক প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। তাঁর অভিযোগ, অতীতে ভুয়ো নথি এবং ভুল তথ্যের মাধ্যমে অনেকেই সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন। তাই প্রকৃত যোগ্য প্রাপকদের চিহ্নিত করতে আবেদনপত্র ও উপভোক্তাদের তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
যাঁরা প্রকৃতপক্ষে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের স্বেচ্ছায় সেই সুবিধা ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা মিলিয়ে বর্তমানে ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন উপভোক্তা সরকারি সহায়তা পাচ্ছেন। এই তিনটি প্রকল্পে বছরে রাজ্য সরকারের প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা খরচ হবে।
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তাঁরা বিধবা ভাতার পরিবর্তে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে মাসে ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।
বিশেষ ভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধার ঘোষণা করা হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য বিশেষ ভাবে সক্ষম মহিলারা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। ফলে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার মহিলা প্রতি মাসে মোট সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত সরকারি সহায়তা পেতে পারেন।
পাশাপাশি আগের সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পে তৈরি হওয়া সমস্ত অপেক্ষমাণ তালিকা বাতিল করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকারের আমলে জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনগুলিকেই ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৮ শতাংশ। সেই অতিরিক্ত রাজস্বের একটি অংশ জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে পশ্চিমবঙ্গ সরকার।


Recent Comments