নিজস্ব সংবাদদাতা: কুশমন্ডি থানার পুলিশের তৎপরতায় গবাদি পশু পাচারের একটি চেষ্টা ব্যর্থ হল। নিয়মিত নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক একটি গরুবোঝাই গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট ৩টি গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার কুশমন্ডি থানার অন্তর্গত দেহাবন্দ এলাকায় এই অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা জানান, অবৈধ গবাদি পশু পাচার রুখতে নিয়মিতভাবে এলাকায় নাকা চেকিং ও নজরদারি চালানো হচ্ছে। সেই ব্যবস্থার অংশ হিসেবেই এই সাফল্য এসেছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পাচার রোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের এই পদক্ষেপে স্থানীয় এলাকায় স্বস্তি ও প্রশংসার পরিবেশ তৈরি হয়েছে।

Recent Comments