নিজস্ব সংবাদদাতা : রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক তৎপরতা বাড়াতে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। নারী নিরাপত্তা, জনপরিষেবা এবং শহরের শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিয়ে এবার একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল। নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
মহিলাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে চাইল্ড হেল্পলাইন এবং মহিলা হেল্পলাইনকে একত্রিত করে একটি আধুনিক ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই পরিষেবার মাধ্যমে নির্যাতন, হেনস্থা বা অন্য কোনও সমস্যার মুখে পড়া মহিলারা আরও দ্রুত প্রশাসনিক এবং আইনি সহায়তা পাবেন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক কল সেন্টার তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
নারী সুরক্ষাকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতিটি মণ্ডলে মহিলা পুলিশ স্টেশন, ২৪ ঘণ্টা সক্রিয় মহিলা ডেস্ক এবং বিশেষ ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ গঠন করা হবে। এর ফলে শহর থেকে গ্রাম— সর্বত্র মহিলাদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে সরকার।
অন্যদিকে শহরের রাস্তাঘাটে বেআইনি পার্কিং এবং পার্কিংয়ের নামে অবৈধ টাকা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত জায়গার বাইরে পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো বিল বা বেআইনি পার্কিং চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে। শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতেই এই অভিযান বলে জানিয়েছেন তিনি।
সরকারের দাবি, নিরাপদ নারী সমাজ, স্বচ্ছ প্রশাসন এবং শৃঙ্খলাবদ্ধ শহর গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই নতুন উদ্যোগগুলি বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য প্রশাসন।

Recent Comments