নিজস্ব সংবাদদাতা: ভোরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল জামালপুরের মনিরামবাটি এলাকা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী টুরিস্ট বাস রাস্তার ধারে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি ভেঙে দু’টি বাড়িতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসের চালক। তবে বড়সড় দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসের যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের অধিকাংশ যাত্রীই নিরাপদে রয়েছেন।
শনিবার ভোর প্রায় ৪টে নাগাদ ঘটনাটি ঘটে জামালপুর থানার অন্তর্গত মনিরামবাটি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসছিল বাসটি। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিগুলিকে একের পর এক ধাক্কা মেরে সোজা গিয়ে দুটি বাড়ির অংশ ভেঙে দেয়। বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে থাকা এক মহিলাও আহত হন। তাঁর পায়ে গুরুতর চোট লাগে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও সমস্যা সৃষ্টি হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে, এত বড় দুর্ঘটনার পরও যাত্রীদের প্রাণহানি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভোরবেলার এই ভয়াবহ ঘটনার আতঙ্ক এখনও কাটেনি মনিরামবাটি এলাকায়।

Recent Comments