পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে ফের একবার তোলপাড় শুরু হয়েছে ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ বা বিজিবিএস (BGBS)-এর আর্থিক বিষয় নিয়ে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বাণিজ্য সম্মেলনের আড়ালে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন। তাঁর অভিযোগ, অতীতে এই সম্মেলনের আয়োজনের নামে একটি বিশেষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে প্রায় ৬৩৫ কোটি টাকা। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার নিউটাউনের (New Town) বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিস্ফোরক মন্তব্য করেন। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ১২ বছর পূর্তি উপলক্ষে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার সময় তিনি বিজিবিএস-এর এই আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আনেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিষয়টিকে হালকাভাবে নেওয়া হবে না। তিনি বলেন, “বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে।”
শুধুমাত্র মৌখিক তদন্তের আশ্বাস নয়, মুখ্যমন্ত্রী আইনি পদক্ষেপের বিষয়টিও নিশ্চিত করেছেন। তাঁর দৃঢ় ঘোষণা, “শুধু তদন্ত নয়, মামলা করব। প্রয়োজনে আর্থিক তছরুপের যাঁরা তদন্ত করেন, তাঁদের দায়িত্ব দেব। আমরা ছাড়ব না। “
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময় থেকেই এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছিল। সেই সময় থেকেই বিরোধী শিবিরের পক্ষ থেকে এই সম্মেলনের যৌক্তিকতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। বিরোধীদের দাবি ছিল, প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে এই সম্মেলন আয়োজন করা হলেও, রাজ্যের সাধারণ মানুষ বা অর্থনীতির সেভাবে কোনও সুফল পাওয়া যায়নি। প্রতি বছর সম্মেলনের শেষে মোটা অঙ্কের বিনিয়োগের মউ (MoU) স্বাক্ষরের কথা ঘটা করে প্রচার করা হলেও, বাস্তবে সেই বিনিয়োগ কতটা এসেছিল, তা নিয়ে বরাবরই ধোঁয়াশা থেকেছে। রাজ্য সরকার কখনোই এই লগ্নির স্বচ্ছ হিসাব জনসমক্ষে আনতে পারেনি বলে অভিযোগ ছিল বিরোধী দলের নেতাদের।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে নির্দিষ্ট করে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নেননি। তবে তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, গত কয়েক বছরে মমতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দিকেই সন্দেহের আঙুল তুলছেন অনেকে।


Recent Comments