কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেকের সেক্টর ফাইভে ফুটপাতের অস্থায়ী দোকান সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বহু হকার স্বেচ্ছায় নিজেদের দোকানের কাঠামো খুলে ফেলতে শুরু করেছেন। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (NDITA)-র জারি করা নোটিসে ফুটপাতের ধারে থাকা প্রায় ১,০০০ থেকে ১,২০০টি দোকানকে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানের ছাউনি ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সোমবার সকালে সেক্টর ফাইভের বিভিন্ন এলাকায় দেখা যায়, ব্যবসায়ীরা নিজেরাই দোকান গুটিয়ে নিচ্ছেন। কলেজ মোড়, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সংলগ্ন এলাকা, গোদরেজ রিভারসাইড, টেকনো ইন্ডিয়া মোড় থেকে স্বাস্থ্যভবনের রাস্তা-সহ একাধিক জায়গায় ফুটপাত প্রায় ফাঁকা হয়ে যায়। দীর্ঘদিন ধরে অফিসপাড়ার কর্মীদের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অন্যতম ভরসা ছিল এই দোকানগুলি।
ব্যবসায়ীদের একাংশের দাবি, দোকানে আগুন জ্বালিয়ে রান্না করার উপর নিষেধাজ্ঞা থাকায় খাবারের দোকান চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে ভবিষ্যতে কীভাবে ব্যবসা চলবে, তা নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের বক্তব্য, শুধু ব্যবসায়ীরাই নন, প্রতিদিন হাজার হাজার অফিসকর্মীও এই দোকানগুলির উপর নির্ভরশীল ছিলেন।
অন্যদিকে, এনডিআইটিএ জানিয়েছে, হকারদের উচ্ছেদ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট আইন ও নিরাপত্তা বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যৎ নির্দেশিকা অনুযায়ী ব্যবসা চালানোর সুযোগ থাকবে বলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।


Recent Comments