back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাহাই কোর্টের কড়া নির্দেশ, এক সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ব্লাড ব্যাঙ্কের...

হাই কোর্টের কড়া নির্দেশ, এক সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ব্লাড ব্যাঙ্কের তদন্ত

ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়ম ভেঙে রক্ত সংগ্রহ ও বিক্রির অভিযোগের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দফতরকে এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, তদন্ত আপাতত চালিয়ে যেতে পারবে স্বাস্থ্য দফতর, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা শেষ করতে হবে।

সম্প্রতি ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। অভিযোগ ছিল, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত রক্ত সংগ্রহ, রক্তদান শিবিরে নিয়ম না মানা এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজ়মা অন্য রাজ্যে বিক্রির মতো একাধিক অনিয়ম হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের পরিদর্শনের পরই এই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু হয়।

নির্দেশের তালিকায় ছিল সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান এবং অন্ডালের কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। তদন্ত চলাকালীন রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। এমনকি একটি ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের পদক্ষেপও করা হয়েছিল।

পরে অবশ্য আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে নেওয়া একাধিক পদক্ষেপ প্রত্যাহার করে নেয় স্বাস্থ্য দফতর। ‘অনিয়ম’ সংশোধনের জন্য তাদের সাত দিন সময় দেওয়া হয়। সরকারের বক্তব্য ছিল, ব্লাড ব্যাঙ্কগুলির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত এবং সামনে উৎসবের মরসুম থাকায় পরিস্থিতি বিবেচনা করেই অবস্থান কিছুটা শিথিল করা হয়েছে।

তবে আদালতের নির্দেশে স্পষ্ট, অভিযোগের তদন্ত থেমে থাকছে না। স্বাস্থ্য দফতরকে দ্রুত তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Author

আরো পড়ুন:  শিয়ালদহ–বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল, ২০ অগস্ট থেকে বদলাচ্ছে পরিষেবা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments