back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরঅন্নপূর্ণা ভাণ্ডারের এক মাসের টাকা জমিয়ে দুর্গাপুজো, পুরাতন মালদায় প্রথমবার উদ্যোগী মহিলারা

অন্নপূর্ণা ভাণ্ডারের এক মাসের টাকা জমিয়ে দুর্গাপুজো, পুরাতন মালদায় প্রথমবার উদ্যোগী মহিলারা


দীর্ঘদিন এলাকায় দুর্গাপুজোর আয়োজন হয়নি। সেই আক্ষেপ থেকেই এবার নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করতে এগিয়ে এলেন পুরাতন মালদার একদল মহিলা। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে পাওয়া এক মাসের ভাতার টাকা জমিয়ে এবার দুর্গাপুজোর আয়োজনের পরিকল্পনা করেছেন তাঁরা। পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকায় অন্নপূর্ণা মহিলা সমিতির উদ্যোগে এই প্রথম দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে।

রবিবার নিয়ম-নিষ্ঠা মেনে পুরোহিতের মাধ্যমে খুঁটি পুজোর আয়োজন করা হয়। খুঁটি পুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি। এই উপলক্ষে এলাকার মহিলাদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। নিজেদের উদ্যোগে প্রথমবার পুজোর আয়োজন করতে পেরে খুশি সমিতির সদস্যরাও।

অন্নপূর্ণা মহিলা সমিতির সদস্যদের কথায়, স্কুল রোড এলাকায় দীর্ঘদিন ধরে কোনও দুর্গাপুজোর আয়োজন হয়নি। ফলে পুজোর সময় এলাকার বাসিন্দাদের অন্যত্র যেতে হত। বিষয়টি নিয়ে স্থানীয় মহিলাদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তাঁরাই নিজেদের উদ্যোগে এলাকায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন।

পুজোর প্রাথমিক খরচ মেটানোর জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এক মাসের ভাতার টাকা জমিয়ে রাখার পরিকল্পনা করেছেন সমিতির সদস্যরা। তাঁদের বক্তব্য, নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা জোগাড় করেই এবার পুজোর আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগকে ঘিরে এলাকার মহিলাদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ।

তবে সমিতির সদস্যরা জানিয়েছেন, এখনও এলাকার বেশ কয়েকজন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি। তাঁরাও যদি দ্রুত ভাতার টাকা পান, তাহলে পুজোর আয়োজন আরও কিছুটা সহজ হবে বলে মনে করছেন তাঁরা। পুজোকে আরও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্থানীয়ভাবে সহযোগিতা সংগ্রহের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অন্নপূর্ণা মহিলা সমিতির সদস্যরা।

প্রথমবার নিজেদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন ঘিরে তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহিলারা। খুঁটি পুজোর পর এবার ধীরে ধীরে পুজোর অন্যান্য কাজও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এলাকার মহিলাদের এই উদ্যোগে শুধু পুজোর আয়োজন নয়, নিজেদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বার্তাও উঠে এসেছে।

আরো পড়ুন:  মসজিদের লাউডস্পিকার ইস্যুতে হাই কোর্টে মামলা, অনুমতি পেলেন আবেদনকারী

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments