Susmita Das: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার জেরে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলে নোটিস পাঠিয়েছে বিদেশি নাগরিকদের নথিভুক্তিকরণ সংক্রান্ত আঞ্চলিক দফতর (এফআরআরও)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি নাগরিক হিসেবে ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান।
পুলিশের দাবি, অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই ঘটনায় ইমরান-সহ বহু বিক্ষোভকারীকে আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও ১২ অক্টোবর ইমরান ও অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ইমরান অবশ্য বিক্ষোভে যোগ দেওয়ার সময় জানিয়েছিলেন, তিনি কোনও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, মুম্বইয়ের বাসিন্দা হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।
তাঁর বক্তব্য ছিল, মানুষের চলাফেরার স্বাধীনতা এবং নিজেদের মত প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তোলাই তাঁর উদ্দেশ্য। এদিকে, বিজেপি নেতা কিরীট সোমাইয়া ইমরানের নাগরিকত্ব ও বিক্ষোভে অংশ নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে দেশ ছাড়ার নোটিসের বিরুদ্ধে ইমরান বা তাঁর প্রতিনিধিদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি বিদেশি নাগরিকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অধিকার ও আইনি বিধিনিষেধ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

Recent Comments