back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতি২০০ বছরের ঐতিহ্য, মানত ও বিশ্বাসের টানে আজও হাজারো ভক্তের সমাগম, মা...

২০০ বছরের ঐতিহ্য, মানত ও বিশ্বাসের টানে আজও হাজারো ভক্তের সমাগম, মা খাঁঙালী কালীর পুজোয়

মালদার লোকসংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন ইংলিশ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিপাজানি ও ধানতলা গ্রামের সংযোগস্থলে অবস্থিত শ্রী শ্রী মা খাঁঙালী কালীপুজো। দীর্ঘ ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজোকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের বিশ্বাস, ভক্তি ও পারিবারিক ঐতিহ্য। প্রতিবছর দীপাবলির পরদিন রাতে, অমাবস্যা তিথি শেষ হওয়ার পর এই পুজোর আয়োজন করা হয়। যেখানে অন্যান্য বহু স্থানে দীপাবলির অমাবস্যার রাতে কালীপুজো অনুষ্ঠিত হয়, সেখানে মা খাঁঙালীর আরাধনার এই বিশেষ সময়ই পুজোটিকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, এই পুজোর সূচনা হয়েছিল বহু বছর আগে। কথিত রয়েছে, একসময় এই অঞ্চল গভীর জঙ্গলে ঘেরা ছিল এবং সেই সময় ডাকাত দলের আনাগোনা ছিল এলাকায়। লোকবিশ্বাস অনুসারে, ডাকাতরা বিভিন্ন অভিযানে যাওয়ার আগে শক্তি ও সাফল্যের কামনায় দেবীর আরাধনা করত। সেই ডাকাত দলের হাত ধরেই পুজোর সূচনা হয়েছিল বলে মনে করা হয়। তৎকালীন সময়ে নরবলি ও পশুবলির প্রচলন ছিল বলেও স্থানীয় লোককথায় শোনা যায়। পরবর্তীকালে সেই প্রথার অবসান ঘটলে এলাকার পূর্বপুরুষেরা, বিশেষত স্থানীয় ঘোষ পরিবার এবং অন্যান্য গ্রামবাসীরা সম্মিলিতভাবে পুজোর দায়িত্ব গ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই আরাধনা সর্বজনীন রূপ পায়।

এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ পাঁঠা বলির প্রথা। প্রতিবছর কয়েকশো পাঁঠা মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। কেউ মনস্কামনা পূরণের আশায় মানত করে পাঁঠা দেন, আবার কেউ দীর্ঘদিনের পারিবারিক প্রথা ও রীতি মেনে এই উৎসর্গ করে থাকেন। শুধু পাঁঠা নয়, পায়রা উৎসর্গের রীতিও রয়েছে। কেউ পায়রা উৎসর্গ করেন, আবার কেউ মায়ের উদ্দেশ্যে পায়রা আকাশে উড়িয়ে দেন। পাশাপাশি অনেক ভক্ত মায়ের কাছে নিজেদের চুলও উৎসর্গ করেন। এই সমস্ত রীতিনীতিকে ঘিরে প্রতিবছর পুজো প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।

স্থানীয় মানুষের বিশ্বাস, মা খাঁঙালী সবার জন্য সমান। জাতি, ধর্ম, সামাজিক অবস্থান নির্বিশেষে মা সকলকে সমান চোখে দেখেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। সেই বিশ্বাস থেকেই মালদা জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মায়ের কাছে পুজো দিতে এবং মানত পূরণ করতে ছুটে আসেন ।

আরো পড়ুন:  মহালয়ার আবহে বাংলায় দুর্গাপুজোর প্রস্তুতি, দেবীপক্ষের অপেক্ষায় বাঙালি

পুজোকে কেন্দ্র করে টিপাজানি মোড় থেকে মায়ের থান পর্যন্ত বসে বিশাল মেলা। প্রতিবছর এই মেলায় বহু মানুষের সমাগম হয়। বিভিন্ন দোকানপাট, কেনাকাটা এবং উৎসবের পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দূর-দূরান্ত থেকে মানুষজন ও আত্মীয়স্বজনের আগমনে জায়গাটি যেন মিলনক্ষেত্রে পরিণত হয়।

দুই শতাব্দীরও বেশি সময় পেরিয়ে আজও প্রাচীন রীতিনীতি, পারিবারিক ঐতিহ্য এবং মানুষের গভীর বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে মা খাঁঙালী কালীর পুজো। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এই ঐতিহ্য শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, মালদার গ্রামীণ লোকসংস্কৃতিরও এক বিশেষ পরিচয়।

Authors

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments