নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদহ জেলায়। অভিযোগ উঠেছে, ভোট দিতে বাড়ি ফেরার পথে বাংলাদেশি সন্দেহে ১৭ জন শ্রমিককে আটক করেছে ওড়িশা পুলিশ।
জানা গেছে, মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট-সহ একাধিক গ্রামের বাসিন্দা এই শ্রমিকরা কাজের সূত্রে ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় ও অন্যান্য সামগ্রী ফেরি করতেন। ভোট উপলক্ষে বাড়ি ফেরার সময়ই তাঁদের আটক করা হয় বলে পরিবারের দাবি।
আটক শ্রমিকদের পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই তাঁদের বাংলাদেশি সন্দেহ করা হয়েছে। এক শ্রমিকের স্ত্রীর কথায়, “ভাষার জন্যই ওদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।” অন্যদিকে, পরিবারের আরও এক সদস্যের দাবি, নথিপত্র যাচাইয়ের নাম করে পরে তাঁদের আটক করে পুলিশ। দ্রুত তাঁদের মুক্তির দাবিও তুলেছেন পরিবারের সদস্যরা।
এই ঘটনাকে ঘিরে মালদহে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে। ওড়িশা সরকারের বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শাসকদল।
সব মিলিয়ে ভাষা, পরিচয় এবং রাজনীতির জটিল টানাপোড়েনে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ওই ১৭টি শ্রমিক পরিবারের ভবিষ্যৎ। দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন তাঁদের স্বজনরা।

Recent Comments