দক্ষিণবঙ্গের আকাশে এখনই বৃষ্টির বিরতি নেই। নিম্নচাপ অঞ্চল, জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মধ্যপ্রদেশের উপর অবস্থানরত সক্রিয় নিম্নচাপ অঞ্চলটি আরও সুস্পষ্ট আকার নিয়েছে। পাশাপাশি বাংলাদেশের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে রাজস্থান থেকে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই সমস্ত আবহাওয়াজনিত পরিস্থিতির সম্মিলিত প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
তবে স্বস্তির খবর, আপাতত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট, সাত জেলায় ভারী বর্ষণের সতর্কতা; কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
RELATED ARTICLES


Recent Comments