back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমালদায় ভোরবেলায় মর্মান্তিক দুর্ঘটনা—টোটো চালকের মৃত্যু, আহত চার যাত্রী

মালদায় ভোরবেলায় মর্মান্তিক দুর্ঘটনা—টোটো চালকের মৃত্যু, আহত চার যাত্রী

মঙ্গলবার ভোরে মালদার রতুয়া থানার বাহারাল-শিবপুর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টোটো চালক, আহত হলেন আরও চার যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।


জানা গেছে, মৃত টোটো চালকের নাম মিনু মিয়া (৪৮)। তাঁর বাড়ি বাহারাল এলাকায়। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি চারজন যাত্রীকে নিয়ে বাহারাল থেকে অচিন্তলা হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু শিবপুর এলাকায় ১৩১ নম্বর জাতীয় সড়কের উপর আচমকাই বিপত্তি। অভিযোগ, মাটি বোঝাই একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


ধাক্কার জেরে টোটোটি রাস্তার ধারে উল্টে যায় এবং তাতে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা টোটো চালক মিনু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত এক যাত্রীকে পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।


এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাহারাল-পুখুরিয়া সংলগ্ন ১৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কালিন্দ্রী নদী থেকে বেআইনি মাটি কাটার কাজ ও সেই মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্যই এই ধরনের দুর্ঘটনার মূল কারণ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

আরো পড়ুন:  পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে এ বার লুক আউট নোটিস জারি ইডির
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments