Om Shankar Bhatta: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জয় তুলে নিল ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রান করে ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে। দলের হয়ে গ্লেন ফিলিপস ৪০ বলে নট আউট ৮২ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ রান করেন। এছাড়া বেভন জ্যাকবস ১৬ বলে ৩১ রান ও ড্যারিল মিচেল ১৯ বলে ২৮ রান করে দলের স্কোর বাড়াতে সাহায্য করেন। ভারতের হয়ে আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। দীর্ঘ ৪ বছর পর টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যায় ভুবনেশ্বর কুমারকে যদিও তিনি কোন উইকেট পাননি তিনি চার ওভারে ৪৯ রান দেন ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। অভিষেক শর্মা মাত্র ১২ বলে ২৯ রান করে দ্রুত রান তোলার গতি বাড়িয়ে দেন। অন্যদিকে, সঞ্জু স্যামসন ৩৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি ছক্কা। এই পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন স্যামসন।
মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৮ বলে ৪২ রান করে দলকে লড়াইয়ে রাখেন। পরে অক্ষর প্যাটেল ১৪ বলে ২৪ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নিয়েছেন। আর অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন নিয়েছেন ১টি করে উইকেট।
শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নমন ধির। মাত্র ১৫ বলে অপরাজিত ৪২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ২৮০ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন নমন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এই জয়ের ফলে সিরিজে আত্মবিশ্বাসী সূচনা করল ভারত। আগামী শনিবার একই মাঠে দুই দল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

Recent Comments