Om Shankar Bhatta: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচ নিজের নামে করল ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ব্যাট করে ২২৩ রান তোলার পর ওয়েস্ট ইন্ডিজের পাল্টা লড়াই সামলে শেষ পর্যন্ত ম্যাচ নিজের নামে করে নেয় টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে ভারত। টিমের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে ৬৯ রান করেন তিনি। অন্যদিকে, ঈশান কিষাণ ১৮ বলে ৩৭ এবং তিলক বর্মা ১৬ বলে ২৮ রান করে দলের স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ, শামার স্প্রিঙ্গার ও শামার জোসেফ ২ টি করে উইকেট নেন এবং গুদাকেশ মতি ও কিমো পল ১ টি করে উইকেট নিজেদের নামে করেন।
দ্বিতীয় ইনিংসে ২২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণের চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার ২৬ বলে ৪৩ এবং কামিল পুরান ২৭ বলে ৪২ রান করে ম্যাচে টিমকে এগিয়ে রাখেন। শেষ দিকে শামার স্প্রিঙ্গারের ঝোড়ো ব্যাটিং ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয়। মাত্র ১১ বলে ৩৫ রান করেন তিনি। কিন্তু দলের জয় নিশ্চিত করার জন্য সেই লড়াই যথেষ্ট ছিল না। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৯ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পেসার আর্শদীপ সিং। চার ওভারে ৪৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি ইন্ডিজেদের রান তাড়ায় বড় ধাক্কা দেন। তাঁর এই পারফরম্যান্সের জন্য তাঁকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। এছাড়া নমন ধীর দুটি এবং নীতীশ কুমার রেড্ডি ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।
ব্যাটারদের বড় রান এবং বোলারদের গুরুত্বপূর্ণ উইকেটের সাহায্যের ১৪ রানে জয় পায় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তী ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া।

Recent Comments